জামালগঞ্জে কলেজছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কলেজছাত্রীর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তরুণের নাম মোহন মিয়া (২০)। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মেয়েটির ভাই বাদী হয়ে মোহনকে আসামি করে থানায় মামলা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়েটি সুনামগঞ্জের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঈদুল আজহার ছুটিতে সে বাড়িতে এসেছিল। গতকাল তার সুনামগঞ্জ শহরে ফেরার কথা ছিল।
মেয়ের বড় ভাই বলেন, গ্রামের মোহন মিয়া তাঁর বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু বোন তাতে রাজি হয়নি। একপর্যায়ে মোহন দেখে নেওয়ার হুমকি দেন।
সর্বশেষ গত সোমবার রাতে ফোনে মোহন আবার প্রেমের প্রস্তাব দেন। বোন রাজি না হলে মোহন তাকে আবার শাসান। সে সঙ্গে সঙ্গে বিষয়টি মাকে জানায়। গত মঙ্গলবার মোহনের পরিবারকে বিষয়টি জানানো হয়। এতে মোহন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা ও মেয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে মেয়ের প্রচণ্ড চিৎকারে মা জেগে উঠে দেখেন মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। পরে পরিবারের লোকজন তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গতকাল দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়েটির ভাই আরও বলেন, তাঁর বোনের মুখের বেশ কিছু অংশ, একটি চোখ, নাক, বাঁ হাতসহ শরীরের বাঁ পাশের বেশির ভাগ অংশ ঝলসে গেছে।
বার্ন ইউনিটে কর্তব্যরত এক চিকিৎসক গতকাল রাতে বলেন, মেয়েটির ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। এটি অ্যাসিড কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এদিকে জামালগঞ্জ থানার পুলিশ গতকাল বেলা তিনটার দিকে ওই গ্রামে গিয়ে মোহনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহন মিয়া ওই দাহ্য পদার্থ ছুড়ে মারার কথা স্বীকার করেছেন।