জামালপুর ও বড়লেখায় দুই গৃহবধূর লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় ভাড়া বাসা থেকে গতকাল সোমবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আরেক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
জামালপুরে উদ্ধার হওয়া লাশটি সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী মনিরা পারভিনের (৩০)। মৌলভীবাজারের বড়লেখায় মহদিকোনা গ্রামের ছাদিকুর রহমানের স্ত্রী শরীফা বেগমের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিরার স্বামী তরিকুল ইসলাম ঢাকায় থাকেন। দুই সন্তানের লেখাপড়ার জন্য তাঁরা চার বছর আগে জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। গতকাল বেলা একটার দিকে বাসায় ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জামালপুর সদর থানার এসআই জয়নাল আবেদীন বলেন, বেলা একটার দিকে ওই গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে বড়লেখা পৌরসভার গাজীটেকা-নাজিরেরচক গ্রামের আবদুল মালিকের মেয়ে শরীফা বেগমের সঙ্গে মহদিকোনা গ্রামের আবদুর রহমানের ছেলে ছাদিকুর রহমানের বিয়ে হয়। কিছুদিন আগে ছাদিকুর বিদেশ চলে গেছেন। গত রোববার দিবাগত রাতে শরীফা মারা যান। গতকাল সোমবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।