জামালপুর সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। একই দিন ময়মনসিংহের নান্দাইলে মুঠোফোনের মাধ্যমে প্রশ্ন পাচারের অভিযোগে কেন্দ্র পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জামালপুরে বহিষ্কৃত শিক্ষকেরা হলেন মেষ্টা উচ্চবিদ্যালয়ের আবদুর রহিম, বিকেএসবি উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ জুয়েল ও সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সৈকত আলী। নান্দাইলে অব্যাহতি পাওয়া পরিদর্শক (ইনভিজিলেটর) হলেন মো. মাহবুবুল আলম। তিনি নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গতকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। এ সময় নকল সরবরাহ ও দায়িত্বে অবহেলার কারণে হাজিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষক আবদুর রহিম, বাংলাদেশ উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোহাম্মদ জুয়েল ও সৈকত আলীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া নকল করার অভিযোগে এ দুটি কেন্দ্র থেকে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ওই তিন শিক্ষককে সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নান্দাইলের ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলার সময় পরিদর্শক মাহবুবুল আলম মুঠোফোনের সাহায্যে প্রশ্নপত্রের বিষয়বস্তু বাইরে অপেক্ষমাণ কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবকদের কাছে পাচার করছিলেন। বিষয়টি নির্বাহী হাকিম মো. ফয়সল বিন করিম লক্ষ করেন। তিনি মুঠোফোনটি জব্দ করে নিজে কথা বলে বিষয়টি নিশ্চিত হন। একই কেন্দ্রে নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
নির্বাহী হাকিম ফয়সল বিন করিম বলেন, মাহবুবুল আলমকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় কাজে ভবিষ্যতে যেন তাঁকে নিয়োগ করা না হয়, সে জন্য একটি লিখিত প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পরীক্ষা কমিটির সচিব ও চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির উদ্দিন আহমেদ বলেন, নির্বাহী হাকিমের নির্দেশটি লিখিত আকারে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।