জামালপুরে অন্যের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার জংগলপাড়া এলাকার এক ব্যক্তির প্রায় ২০ শতক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার জংগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য রোববার (আজ) দুই পক্ষকে তাঁদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, জংগলপাড়া এলাকার বাসিন্দা ও হোসেনপুর বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. নূরুল ইসলাম এবং তাঁর দুই ভাই মো. আব্বাস আলী ও আলফাজ আলী পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া প্রায় ২০ শতক জমিতে চাষাবাদ করে আসছিলেন। চার মাস ধরে দিয়াবাড়ী গ্রামের মো. রুহুল আমীনসহ একটি চক্র জমিটি তাদের বলে দাবি তোলে। বিষয়টি নিয়ে দুই মাস আগে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকও হয়। এতেও কোনো সমাধান হয়নি। এরপর শুক্রবার বিকেলে মো. রুহুল আমীনের নেতৃত্বে প্রায় ৫০ জন লোক জমিটি দখল করে নেন।
মো. রুহুল আমীন বলেন, ‘জমিটি আমার পৈতৃক সম্পত্তি। এত দিন বেদখল হয়ে ছিল। আমার জমি শুধু দখলে নিয়েছি।’