জামালপুরে অপহৃত ছেলেকে উদ্ধারের দাবি বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজ্জল হোসেন
উজ্জল হোসেন

জামালপুর সদর উপজেলায় উজ্জল হোসেন নামের এক অপহৃত কলেজছাত্রকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁর বাবা। তিনি গতকাল শনিবার জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
অপহৃত মো. উজ্জল হোসেন (২২) সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হকের ছেলে। ফেসবুকে বন্ধুত্ব করার ফাঁদ পেতে তাঁকে জানুয়ারি মাসে অপহরণ করা হয়। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পরিবারের অভিযোগ, অপহরণের ১০ মাস পরেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি।
সংবাদ সম্মেলনে আবদুল হক লিখিত বক্তব্যে বলেন,‘ফেসবুকের এক বন্ধুর সঙ্গে দেখা করতে তাঁর ছেলে গত ৪ জানুয়ারি দুপুরে স্থানীয় লাহিড়ীকান্দা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তিন দিন পর ৭ জানুয়ারি অজ্ঞাত এক ব্যক্তি মুঠোফোনে ৭০ হাজার টাকা মুক্তিপণের দাবি করেন। ৬ হাজার করে দুবারে অজ্ঞাত ওই ব্যক্তির কাছে ১২ হাজার টাকা বিকাশ করে দেওয়া হয়। বাকি টাকা না দিলে ওই কলেজছাত্রকে হত্যা করে কিডনি ও চোখ বিক্রি করা হবে বলে অপহরণকারীরা হুমকি 

দেয়। এ ঘটনায় তিনি ৭ জানুয়ারি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

আবদুল হক আরও বলেন, তাঁর করা জিডির ভিত্তিতে গত ২৯ ফেব্রুয়ারি পুলিশ অপহরণকারীদের মুঠোফোন ও বিকাশ নম্বর ট্র্যাক করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আবদুল জলিলকে (৩৬) আটক করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে উজ্জলকে ভারতে পাচার করা হয়েছে বলে জানতে পেরেছে। বিষয়টি জানার পর তিনি ওই দিনই জলিলের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। ওই আসামি মার্চ মাসে জামিনে মুক্তি পেয়ে তাঁদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।

জামালপুর সদর থানার উপপরিদর্শক ও মামলার সাবেক তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুঠোফোন ট্র্যাক করে আবদুল জলিল নামের অপহরণকারী দলের এক সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা কার্যালয়ে রয়েছে।