জামালপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌরসভা নির্বাচনে ছয়টি ভোটকেন্দ্র এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পৌরসভার তিনটি কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াবাজার উচ্চ প্রাথমিক বিদ্যালয়, কলিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা ১১টার দিকে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা ঢুকে পড়েন। তাঁরা ব্যালট পেপার ছিনতাই করে নৌকা প্রতীকে সিল মারার চেষ্টা করেন। এতে বাধা দেন বিএনপির সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কেন্দ্রটিতে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে আবার ভোট নেওয়া শুরু হয়।

নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বাকি পাঁচটি কেন্দ্রেও সরকারদলীয় সমর্থকদের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষ ঘটে। এসব ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল বলেন, যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।