জামালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে সমেদ আলী নামের আওয়ামী লীগের একজন নেতা নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল বরুল গ্রামে এ ঘটনা ঘটে।
সমেদ আলীর (৫৫) বাড়ি উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে। তিনি কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন। তিনি পাঁচ বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে লালমনিরহাটে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমেদ আলী চরাঞ্চলের মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি গত মঙ্গলবার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকার গুচ্ছগ্রামে যান। রাত ১২টার দিকে ওই গুচ্ছগ্রামের সামনে একটি মুদিদোকানে বসে গল্প করছিলেন। একপর্যায়ে চার-পাঁচজনের একটি মুখোশধারী দল সেখানে যায়। কিছু বুঝে ওঠার আগেই এক দুর্বৃত্ত খুব কাছ থেকে সমেদ আলীর মাথা লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জানতে চাইলে সমেদ আলীর ছোট ভাই শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ১৪ বছর একটানা ইউপি সদস্য ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করতেন। ইসলামপুর উপজেলার চরাঞ্চলের মানুষকে তিনি খুব ভালোবাসতেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। চরাঞ্চলের মানুষের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেন। এটিই হয়তো তাঁর জীবনের কাল হয়েছে। অনেকের সঙ্গে তাঁর শত্রুতা ছিল। এর জেরেই তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তিনি বুঝতে পারছেন না।
বরুল গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে সমেদ আলীর সঙ্গে ওই দোকানে বসে কিছুক্ষণ গল্প করেছি। এরপর আমি বাড়িতে ফিরে যাই। তারপর গুলির শব্দ শুনে আবার ছুটে আসি দোকানে। এসে দেখি গুলিবিদ্ধ সমেদ আলী মাটিতে পড়ে আছেন। মুখোশ পরে থাকায় খুনিদের কেউ চিনতে পারেননি।’
গতকাল বিকেলে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম বলেন, সমেদ আলীকে এক দুর্বৃত্ত মাথায় গুলি করে। এতে তাঁর মগজ বেরিয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শী দোকানি টিব্বত মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।