জামালপুরে উপজেলা জামায়াতে আমিরসহ আটক ৩
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাজ্জাদ হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপর দুজন হলেন, বাট্রাজোড় শেফালি মফিজ আলিম মাদ্রাসার প্রভাষক উপজেলার মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আজিজ। সাজ্জাদ হোসেন বকশীগঞ্জের জানকিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।
পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, পৌর শহরে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।