জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নেতা সমেদ আলী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার জিগাতলা গ্রাম থেকে আবদুর রশিদ নামের ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
আবদুর রশিদের বাড়ি উপজেলার জিগাতলা গ্রামে। পুলিশের ভাষ্যমতে, তিনি একটি দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য।
সমেদ আলীর (৫৫) বাড়িও জিগাতলা গ্রামে। তিনি স্থানীয় কুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন। ৭ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল বরুল গ্রামের গুচ্ছগ্রামের সামনে একটি মুদি দোকানে বসে গল্প করছিলেন। একপর্যায়ে মুখোশধারী চার-পাঁচজনের একটি দল সেখানে যায়। কিছু বুঝে ওঠার আগেই এক দুর্বৃত্ত খুব কাছ থেকে সমেদ আলীর মাথা লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি সমেদ আলীর বড় ছেলে সুজুর আলী বাদী হয়ে ১০ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা করেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা আসামি রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।