জামালপুরে এক কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদেচান্দি এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক সদর উপজেলার নান্দিনা বাদেচান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা দেড়টার দিকে ওই কিশোরী ও তার এক চাচাতো বোন সদর উপজেলার ঝাউলা গোপালপুর এলাকার জামাই মেলায় বেড়াতে যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগে মেলায় একই এলাকার দুই পরিচিত যুবক ওই দুই শিশুকে কোক (কোমল পানীয়) সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করান। এতে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে। পরে ওই যুবকেরা তাদের ইজিবাইকে তুলে গোপালপুর-জামালপুর সড়কের বিভিন্ন স্থানে ঘোরেন। সন্ধ্যার পর তাঁরা তাদের (কিশোরীদের) এলাকার একটি ধানখেতে নিয়ে যান। এ সময় ওই কিশোরীর চাচাতো বোন কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই কিশোরীকে ওই দুই যুবকসহ চারজন ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তাঁরা ওই কিশোরীকে ঝাউলা গোপালপুর এলাকার রাস্তার পাশে ফেলে রেখে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
জামালপুর সদর থানার ওসি আবদুল আউয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেজাউল ইসলামকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে রেজাউল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।