জামালপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঘরের ভেতর থেকে জাহানারা বেগম (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহানারা উপজেলার মাঝপাড়া গ্রামের জহুরুল হকের স্ত্রী। তাঁর স্বামী ঢাকায় কাজ করেন। এ ঘটনায় নিহত নারীর ছোট ছেলে আবদুল আজিজ ও বড় ছেলের স্ত্রী সাহিদা আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঘরের ভেতর জাহানারা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান তাঁর ছোট ছেলে আবদুল আজিজ। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর ছোট ছেলে ও বড় ছেলে আলমগীর হোসেনের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এটা হত্যা, না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত নারীর স্বামী আসার পর মামলা হবে।