জামালপুরে গণপিটুনিতে নিহত ১
জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়া গ্রামে আজ রোববার দুপুরে গণপিটুনিতে খোকা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর ব্যক্তির বাড়ি ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামে। পুলিশের দাবি খোকা একজন ডাকাত।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, যমুনা নদী বেষ্টিত উপজেলার বিভিন্ন গ্রামে খোকার নেতৃত্বে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছিল। এই ডাকাত দল যেখানে ডাকাতি করতে যায় সেখানকার সম্পর্কে তারা আগেই ঘুরে খোঁজখবর নেয়। আজ দুপুর দুইটার দিকে মন্নিয়ারচর গ্রামে খোকাকে দেখতে পান কয়েকজন। তাঁরা আশঙ্কা করেন হয়তো আজ তাঁদের গ্রামে ডাকাতির পরিকল্পনা নিয়ে খোকা সেখানে গিয়েছে। তাই গ্রামের অনেকে তাঁকে ধাওয়া করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।