জামালপুরে গরুচোরকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় মো. নবীন (৩০) নামের এক গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাওভাঙার চরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি শেরপুর জেলার দিগপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে শেরপুর ও জামালপুর থানায় চুরি, ডাকাতি, অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে নাওভাঙার চরের আয়নাল হকের গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন নবীন। এ সময় টের পেয়ে এলাকার লোকজন তাঁকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দৌড়ে গিয়ে তিনি ব্রহ্মপুত্র নদে লাফ দেন। পরে এলাকাবাসী ধরে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল সাতটার দিকে তিনি মারা যান। সদর থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি একজন চিহ্নিত চোর ও ডাকাত ছিল। তার বিরুদ্ধে জামালপুর ও শেরপুর থানায় ছয়টি মামলা রয়েছে।’