জামালপুরে গৃহবধূ ও জকিগঞ্জে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল আহমদ
কামাল আহমদ

জামালপুর সদর উপজেলায় গত সোমবার রাতে ছেলে লাঠি দিয়ে আঘাত করে মাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিলেটের জকিগঞ্জে সৎভাইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায়ই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরে খুন হওয়া নারী হলেন রণরামপুর গ্রামের হাজেরা বেগম (৪৫)। জকিগঞ্জে নিহত ব্যবসায়ীর নাম কামাল আহমেদ (৫৫)। তিনি উপজেলার খলাছড়া গ্রামের বাসিন্দা।
জামালপুর সদর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, হাজেরা বেগমের ছেলে মনির উদ্দিন (২০) রাজমিস্ত্রি। সোমবার রাত ১০টার দিকে তিনি বাড়ি ফেরেন। তিনি হাজেরা বেগমের কাছে ভাত খেতে চান। ভাত দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হাজেরার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাজেরা মারা যান। পুলিশ রাতেই বাড়ি থেকে মনিরকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল নিহত হাজেরার ছোট ভাই সিদ্দিক হোসেন মামলা করেছেন। এতে গ্রেপ্তার দেখিয়ে মনিরকে আদালতে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, কামাল আহমেদের সঙ্গে সৎভাই জাকির আহমেদের (২৫) জমিজমা নিয়ে বিরোধ ছিল। তাঁরা একই বাড়িতে থাকতেন। গতকাল সকাল আটটার দিকে শোবার ঘরে গিয়ে ঘুমন্ত কামালকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যান জাকির। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কামালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরে লোহারমহল এলাকার ধানখেত থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির তাঁর ভাইকে কোপানোর কথা স্বীকার করেছেন।