জামালপুরে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সদর উপজেলায় সায়েদা বেগম নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ উপজেলার বড় ডোয়াতলা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে।
গৃহবধূ সায়েদা বেগম (৩৮) টিকরাকান্দি গ্রামের সফর উদ্দিনের স্ত্রী। গতকাল শনিবার লাশ উদ্ধারের পর থেকে সফর উদ্দিন ও তাঁর পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। এ ঘটনায় সায়েদার বাবা জয়েন উদ্দিন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েদা বেগমের সংসারে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত আটটার দিকে সায়েদা বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, গলায় রশি প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।