জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামে গত বুধবার রাতে রুমি আক্তার (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী খসরু খান পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত গৃহবধূর বড় ভাই কাউছার উদ্দিন সদর থানায় খসরু খানকে আসামি করে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, পশ্চিম মেষ্টা গ্রামের শফি উদ্দিনের মেয়ে রুমি আক্তারের সঙ্গে ১৫ বছর আগে পাশের মেষ্টা গ্রামের চৌরাস্তা এলাকার আবদুল কাদেরের ছেলে খসরু খানের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই খসরু বিভিন্ন সময় যৌতুকের জন্য রুমির ওপর নির্যাতন করতেন। বছর খানেক আগেও ৫০ হাজার টাকার জন্য তাঁকে নির্যাতন করা হয়। পরে বাধ্য হয়ে তাঁকে ৫০ হাজার টাকা দেয় রুমির পরিবার। পয়লা বৈশাখ উপলক্ষে এক সপ্তাহ ধরে খসরু আবারও ৩০ হাজার টাকার জন্য তাঁকে নির্যাতন করতে থাকেন। টাকা না দেওয়ায় বুধবার সকালে তাঁকে মারধর করা হয়। পরে বিকেলে টাকা আনার জন্য রুমিকে তাঁদের বাড়িতে রেখে আসেন খসরু। পাশের গ্রাম হওয়ায় তিনি সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে চলে যান। এরপর তাঁকে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বাড়ির আঙিনায় পেয়ারাগাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন খসরু।
জামালপুরের নারায়ণপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহ সেকান্দার আলী বলেন, নিহত রুমির গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।