জামালপুরে গৃহশিক্ষিকা গণধর্ষণের শিকার
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরে এক গৃহশিক্ষিকা (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ আহত অবস্থায় গতকাল বুধবার ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ওই শিক্ষিকার বাড়ি নওগাঁ জেলায়। থানা-পুলিশ জানায়, ইসলামপুর উপজেলার পৌর শহরের নূরনবী নামের এক যুবকের সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষিকার। বিয়ের কথা বলে গত ২৮ জুলাই নূরনবী গাজীপুরের জিরানী এলাকা থেকে ওই গৃহশিক্ষিকাকে ইসলামপুরে নিয়ে আসেন। এরপর তিন দিন ধরে ওই গৃহশিক্ষিকাকে ধর্ষণ করেন। গত শনিবার থেকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনার দুর্গম চরের একটি ঘরে আটকে রেখে তাঁকে নূরনবীসহ তাঁর কয়েকজন বন্ধু ধর্ষণ করেন। গতকাল শিক্ষিকাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে দুপুরে স্থানীয় লোকজন ওই শিক্ষিকাকে আহতাবস্থায় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, রাত আটটা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।
জামালপুরের সিভিল সার্জন মো. মোশায়ের উল ইসলাম সন্ধ্যায় নির্যাতিত শিক্ষিকাকে হাসপাতালে দেখতে যান। তিনি বলেন, তাঁকে সুস্থ করে তোলার জন্য হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষিকাকে গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামালপুরের মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ইসলামপুর থানার ওসি দ্বীন-ই-আলম বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ওই গৃহশিক্ষিকাকে উদ্ধার করা হয়েছে। তখন ওনার জ্ঞান ছিল। সে সময় তাঁর কাছ থেকে এ সম্পর্কে তথ্য পাওয়া যায়। ওই গৃহশিক্ষিকা বাদী হয়ে অভিযুক্ত নূরনবীসহ চার-পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।