জামালপুরে গ্রামীণফোনের বিক্রয়কর্মী খুন
মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের জামালপুর শাখার বিক্রয়কর্মী আরিফ মিয়াকে আজ রোববার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ক্র্যাচকার্ড, সিম, মুঠোফোনসহ বেশ কিছু জিনিস লুটে নেয় তারা। সদর উপজেলার হাসিল বটতলা এলাকায় আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় আরিফের সঙ্গে ছিলেন গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রতিনিধি শাহাদৎ হোসেন। তাঁর ভাষ্য, আজ সকাল ১০টার দিকে তিনি এবং বিক্রয়কর্মী জাকির হোসেন ও আরিফ মিয়া মোটরসাইকেলে করে সরিষাবাড়ী যাচ্ছিলেন। জামালপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কেন্দুয়া কালীবাড়ি বাজার এলাকা থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন অপরিচিত লোক তাঁদের পিছু নেয়। তাঁরা হাসিল বটতলা এলাকায় পৌঁছালে ওই দুর্বৃত্তরা তাঁদের পথ আটকে আরিফের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপর তাঁদের দুজনকে গুলি করার ভয় দেখিয়ে তাঁদের কাছে থাকা ৫০ হাজার টাকার স্ক্র্যাচকার্ড, তিন শতাধিক সিম ও তিনটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরিফকে গুলিবিদ্ধ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুরের নারায়ণপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। তাঁরা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছেন।