জামালপুর সদর উপজেলার নান্দিনার খড়খড়িয়া গ্রামে গত শুক্রবার রাতে নজরুল ইসলাম নামের এক অটোরিকশাচালক খুন হয়েছেন। একই রাতে টাঙ্গাইলের সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হন।
জামালপুরে নিহত নজরুল ইসলাম (৪৫) সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, নজরুল শুক্রবার রাত নয়টার দিক স্থানীয় নান্দিনা বাজারে যান। সেখান থেকে কে বা কারা তাঁকে ডেকে নিয়ে হত্যার পর লাশ বাড়ির পাশের রাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে জামালপুর-ময়মনসিংহ সড়ক রাত ১১টা থেকে একটা পর্যন্ত অবরোধ করে রাখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, এই ঘটনায় নজরুলের স্ত্রী বিলকিস বেগম গতকাল শনিবার থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল সদর থানা সূত্রে জানা গেছে, সদর উপজেলার শিবপুর বাজারের কাছে একটি জমি নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে তাঁর ভাতিজা মকবুল হোসেনের বিরোধ চলছিল। মাস খানেক আগে সালিসের মাধ্যমে মকবুল হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তোলেন। এলাকার কয়েকজন লোক সেখানে প্রতি রাতে পাহারা দিতেন। শুক্রবার রাত দুইটার দিকে নাজিম উদ্দিনের পক্ষের লোকজন পাহারাদারদের ওপর হামলা চালায়। এ সময় তারা পাহারায় থাকা আবদুর রাজ্জাককে (৪২) গুলি করে। ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল ভোর ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজ্জাক শিবপুর গ্রামের সাবু মল্লিকের ছেলে। টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
নবীগঞ্জে সংঘর্ষে নিহত ১
আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলার উত্তর গজনাইপুর গ্রামে গতকাল শনিবার দুপক্ষের সংঘর্ষে চানু মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর এক ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বীজনা নদীর গজনাইপুর এলাকায় গতকাল শনিবার বিকেলে মাছ ধরতে যান উত্তর গজনাইপুর গ্রামের চানু মিয়া ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য।
এ সময় তাঁদের প্রতিবেশী আহাদ ও তাঁর লোকজন মাছ ধরতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে চানু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তিনি একজন কৃষক। এদিকে বড় ভাইকে বাঁচাতে এগিয়ে আসায় ছোট ভাই চুন্নু মিয়াকেও (৩০) মারধর করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর গ্রামবাসী আহাদ মিয়া, তাঁর বাবা রশিক মিয়া ও মা মুল্লুক চান বিবিকে পুলিশে সোপর্দ করেন। নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।