জামালপুরে ছেলের হাতে বাবা খুন
জামালপুর সদর উপজেলায় ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম ঈমান আলী (৭০)।
আজ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে সবুজ মিয়া (৩৫) পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে জমি-জমা নিয়ে সবুজের সঙ্গে তাঁর বাবা ঈমান আলীর বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ তাঁদের নিজ বাড়ির সামনে বাবা-ছেলের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে সবুজ তাঁর বাবাকে মারধর করেন। এতে ঘটনাস্থলে ঈমান আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সবুজ পলাতক।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পারিবারিক বিরোধের জের ধরে সবুজ তাঁর বাবাকে মারধর করেছেন। নিহতের শরীরে মারাত্মক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।