জামালপুরে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নুরালী শেখ (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নুরালীর ভাতিজা রাজ্জাককে আটক করেছে। উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোল্লাপাড়া গ্রামের নুরালী শেখের সঙ্গে তাঁর বড় ভাই শাহা আলী শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। এর জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী ওই দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে শাহা আলীর ছেলে খাদেম ধারালো ফলা দিয়ে চাচার গলায় আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় নুরালী শেখকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে খাদেম পলাতক রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই খাদেমের ভাই রাজ্জাককে আটক করা হয়েছে। তবে খাদেমসহ তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় আর কাউকে আটক করা যায়নি। গতকাল নিহত ব্যক্তির ছেলে আকরাম আলী বাদী হয়ে ১১ জনের নামে একটি হত্যা মামলা করেছেন।