জামালপুরে ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার
ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের মালবাহী একটি বগি থেকে আবদুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর রেলস্টেশনে ওই ট্রেনটি পৌঁছালে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই ব্যক্তি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায় বসবাস করতেন। ময়মনসিংহ শহরে সবজির ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবদুল আজিজ জামালপুর শহর থেকে সবজি কিনে ময়মনসিংহ শহরে বিক্রি করতেন। গতকাল রোববার সকালে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছায়। এ সময় কয়েকজন যাত্রী লাশটি দেখতে পান। পরে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
২৫১ নং লোকাল ট্রেনটির পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ স্টেশন থেকে আজ ভোর সাড়ে ছয়টার দিকে দেওয়ানগঞ্জগামী ২৫১ নম্বর লোকাল ট্রেনটি ছেড়ে আসে। পরে জামালপুর স্টেশনে ট্রেনটি পৌঁছায়। এ সময় মালবাহী একটি বগি থেকে মালামাল নামাতে গিয়ে কয়েকজন যাত্রী ওই লাশটি দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মৃত ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর বোঝা যাবে। এ ব্যাপারে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।