পটুয়াখালীতে নিজ ঘর থেকে গতকাল বুধবার বাবা-মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এদিকে জামালপুরে ঘরের ভেতর দুই বোনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের দাদা ও চাচাকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামে নিজেদের ঘর থেকে দেলোয়ার মোল্লা (৫৫), তাঁর স্ত্রী পারভীন বেগম (৪২) ও মেয়ে কাজলি বেগমের (১৪) লাশ গতকাল রাত আটটার দিকে উদ্ধার করে পুলিশ।
ওই গ্রামের চৌকিদার মো. হেলাল সিকদার বলেন, ‘মোল্লাবাড়ি’ নামে পরিচিত এই বাড়ি অপেক্ষাকৃত নির্জন স্থানে অবস্থিত। গতকাল সন্ধ্যায় দেলোয়ার মোল্লার ঘরের দরজা খোলা ছিল ও তাঁদের পোষা হাঁস-মুরগি ডাকাডাকি করছিল। এ সময় কিছু দূরের বাসিন্দা এক নারী ওই বাড়ির দরজায় গিয়ে ডাকাডাকি করে কারও সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান। তখন লোকজন গিয়ে ওই বাড়িতে ঢুকে দুর্গন্ধ পান ও সন্দেহ হলে পুলিশকে খবর দেন।
গলাচিপা থানার উপপরিদর্শক মো. জাকারিয়া বলেন, ঘরে চৌকিতে মশারির ভেতর এই তিনজনের রক্তাক্ত লাশ পড়ে ছিল। গলাচিপা থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
জামালপুরে দুই বোনকে হত্যা
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের নিজ বাড়িতে দুই বোন শিশু ভাবনা খাতুন (১৩) ও নুরুন্নাহার লুবনা (১০) গত মঙ্গলবার রাতের কোনো এক সময় খুন হয়েছে।
ভাবনা ও লুবনার বাবা সামিউল হক সৌদি আরবপ্রবাসী। তাদের মা তাসলিমা বেগম। রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে ভাবনা ও জহুরুল হক স্মৃতি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণিতে লুবনা পড়ত।
পুলিশ ও গ্রামবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যার দিকে তাসলিমা বেগম দুই মেয়েকে বাড়িতে রেখে বাবার বাড়ি জামালপুর পৌর শহরের বাগেরহাটায় যান। রাতে বাড়ি ফেরেননি। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বাড়িতে ফিরে ঘরে দুই মেয়ের গলা কাটা লাশ দেখতে পান তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘটনাস্থলে যান পুলিশ ও র্যাব সদস্যরা। দুপুরে ময়মনসিংহ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আট সদস্যের একটি দলও আলামত সংগ্রহ করতে যায়। বিকেলে লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই বাড়িতে তিন দিকে তিনটি ঘর। তাসলিমা দুই মেয়েকে নিয়ে একটিতে, আরেকটিতে তাঁর শ্বশুর-শাশুড়ি ও অন্যটিতে দেবর বিলাস মিয়া থাকতেন। নিহত দুই বোনের ফুফু বিলকিস বেগম বলেন, তাঁর ভাই শামীম দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। গত জুনে বাড়িতে এসেছিলেন। ২০ দিন আগে সৌদি ফিরে গেছেন। কারা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।
তাসলিমার শাশুড়ি হালিমা বেগম বলেন, তাসলিমা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তা তিনি জানেন না। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভাবনা তাঁর ঘরে পেঁয়াজ নিতে গিয়েছিল। তখন তিনি জানতে পারেন তাসলিমা জামালপুর শহরে গেছেন। রাত ১০টা পর্যন্ত দুই বোনের পড়ার শব্দ পান। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তাসলিমার চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে বিষয়টি জানতে পারেন।
জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহব্বত কবীর প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে মেয়ে দুটির দাদা ওয়ারেছ আলী ও চাচা মো. বিলাস মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়মনসিংহ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুই বোনেরই গলা কাটা। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই।