জামালপুরে দুই ভাই অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার পলাশগড় মধ্যপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে দুই ভাই অগ্নিদগ্ধ হয়েছে। এরপর থেকে তাদের বড় ভাই মোজাম্মেল হোসেন পলাতক আছেন। পুলিশ ধারণা করছে, হত্যার উদ্দেশে মোজাম্মেল তাদের শরীরে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন।
অগ্নিদগ্ধ দুই ভাই হলো মারুফ (৫) ও মৃদুল (৬)। তাদের মা মোস্তাকিনা ক্যানসারে আক্রান্ত হয়ে বছর খানেক আগে মারা যান। এরপর থেকে দুই ভাই মঞ্জু মিয়া (২০) ও মোজাম্মেল হোসেন (১৮) তাদের দেখাশোনা করতেন। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জামালপুর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেঝেতে মৃদুল ও মারুফ যন্ত্রণায় কাতরাচ্ছে। আগুনে তাদের মুখ, হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। জানতে চাইলে মৃদুল প্রথম আলোকে বলে, তারা দুই ভাই পাশাপাশি ঘুমিয়ে ছিল। হঠাৎ করে রাতে শরীরে আগুনের আঁচ লেগে তাদের ঘুম ভেঙে যায়। পরে আগুন আগুন বলে চিৎকার দেয়। এক প্রশ্নের জবাবে সে বলে, আগুন দিতে সে কাউকে দেখেনি। তবে তার ধারণা, মেজ ভাই মোজাম্মেলই এই কাজ করেছেন। কয়েক দিন ধরে মেজ ভাই কারণে-অকারণে তাদের মারধর করতেন বলেও জানায় সে।
তাদের বড় ভাই মঞ্জু মিয়া বলেন, রাত সাড়ে ১১টার দিকে দুই ভাইয়ের চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী পাশের কক্ষে দৌড়ে যান। সেখানে মৃদুল ও মারুফের শরীরে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নেভান। এরপর হাসপাতালে ভর্তি করেন। তবে কীভাবে তাদের শরীরে আগুন লাগে, এ বিষয়ে তিনি কিছু বলতে পারেন না।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূরে আলম সৈকত বলেন, শিশু দুটি এখন আশঙ্কামুক্ত। তবে মারুফের বাঁ হাতটি বেশি পুড়ে গেছে।
জামালপুর সদর থানার ওসি আবদুল আওয়াল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা মুসলিম উদ্দিনের ৯২ শতাংশ জমি ছিল। কয়েক দিন আগে তাঁর চার ছেলেকে ১৫ শতাংশ ও দুই মেয়েকে ৫ শতাংশ করে জমি লিখে দেন। বাকি ২২ শতাংশ জমি তাঁর নিজের নামে রয়েছে। মেজ ছেলে মোজাম্মেল ওই ২২ শতাংশ জমি তাঁর নামে লিখে দিতে মুসলিমের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু তাঁর বাবা ওই জমি ছোট দুই ছেলের জন্য রেখে দেওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে মোজাম্মেল ঘুমন্ত দুই ভাইয়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনার পর থেকে মোজাম্মেল পলাতক রয়েছেন।