জামালপুরে দুর্বৃত্তের হামলায় নিহত ১
জামালপুর সদর উপজেলার রানাগাছা খড়খড়িয়া গ্রামে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত নজরুল খড়খড়িয়া গ্রামের ফকির মাহমুদের ছেলে। তিনি ভাড়ায় অন্য লোকের সিএনজি অটোরিকশা চালাতেন।
নজরুলের স্ত্রী বিলকিস বেগমেরর ভাষ্য, গতকাল রাত নয়টার দিকে মালিককে অটোরিকশা দিয়ে বাড়িতে আসেন নজরুল। এরপর কিছুক্ষণ পর প্রায় এক কিলোমিটার দূরের নান্দিনা বাজারে যাচ্ছেন বলে তিনি ঘর থেকে বের হন। এরপর রাত ১১টার দিকে নজরুলের লাশ বাড়ির পাশের রাস্তায় পড়ে আছে বলে খবর পান তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। রাতে জামালপুর সদর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নজরুলের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, লাশের কানের কাছে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ শনিবার বিলবিস বেগম বাদী হয়ে মামলা করেছেন।