জামালপুরে নদী দখল করে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজারে সেতু ঘেঁষে ঝিনাই নদীর একাংশ দখল করে নির্মিত ভবন l ছবি: প্রথম আলো
জামালপুর সদর উপজেলার হাজিপুর বাজারে সেতু ঘেঁষে ঝিনাই নদীর একাংশ দখল করে নির্মিত ভবন l ছবি: প্রথম আলো

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার-সংলগ্ন ঝিনাই নদের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক ব্যবসায়ী এটি নির্মাণ করছেন।

সরেজমিনে দেখা যায়, ঝিনাই নদের তীরে হাজিপুর বাজার। বাজারটির হাজিপুর-মেলান্দহ সড়কে ঝিনাই সেতুর অবস্থান। সেই সেতু ঘেঁষে নদের জমি দখল করে আবুল কালাম ভবন নির্মাণ করছেন। ভবনটির একটি অংশে তিনি কাপড়ের দোকানও দিয়েছেন।

মেষ্টা ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ আল-মামুন অভিযোগ করেন, ‘এভাবে ভবন নির্মাণ আগে কোথাও দেখিনি। প্রথম দিকে গ্রামবাসী বাধা দিয়েছিল। তিনি বাজারের প্রভাবশালী ব্যবসায়ী হওয়ার কারণে কারও কথাই শোনেননি। শুনেছি তিনি সোয়া ২ শতাংশ জমি কিনেছিল। তবে তিনি এখন কমপক্ষে সাড়ে ৩ শতাংশ জমিতে ভবনটি নির্মাণ করছেন। বাকি জমি নদের। এভাবে ভবন নির্মাণ করা হলেও প্রশাসনের কোনো লোকজন দেখতেও আসেনি।’

হাজিপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘যাদের টাকা আছে, তারাই তো নদ দখল করে ভবন করবে। একজন দরিদ্র মানুষের পক্ষে নদীর জমি দখল করে ভবন নির্মাণের সাহস হবে না। যেকোনো মানুষ ভবন নির্মাণটি দেখলেই বুঝবেন অনিয়ম হয়েছে। সামনেই ইউনিয়ন পরিষদ কার্যালয়। পরিষদের চেয়ারম্যানসহ সবাই রয়েছেন। তাঁরা একবারও এসে ভবন নির্মাণের বাধা দেননি।’

এ বিষয়ে মেষ্টা ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম বলেন, ‘সেতু-সংলগ্ন ভবন নির্মাণের বিষয়টি আমার জানা নেই। তবে বেশ কয়েক দিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি। নদ দখল বা সরকারি জমিতে ভবন নির্মাণ হলে সেখানে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে ব্যবসায়ী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘অনেক জায়গায় এভাবে মানুষ ভবন নির্মাণ করেছে। তাই আমিও করেছি। সরকারি জমিতে গিয়ে থাকলে প্রশাসনের লোকজন ভেঙে দিতে বললে দেব। কিন্তু এর আগে ভাঙব না।’ সোয়া ২ শতাংশ জমি কেনার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ওইটুকু জমি কিনেছি। তবে আমি যেখানে ভবন নির্মাণ করেছি, তার মধ্যে কিছু বেশি জমি রয়েছে। সেটা নদের কি না জানি না।’

মেষ্টা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিখিল চন্দ্র বলেন, নদের জমি দখল করে ভবন নির্মাণ সম্পর্কে তাঁর কিছু জানা নেই। তবে কেউ অভিযোগ দিলে সেখানে গিয়ে জমি পরিমাপ করে দেখা হবে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘কোনো ব্যক্তি নদের জমি দখল করে বা সেতু-সংলগ্ন ভবন নির্মাণ করতে পারেন না। বিষয়টি আমাদের জানা ছিল না। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে দেখা হবে। যদি ভবনটি অনিয়ম করে নির্মাণ করা হয়, তাহলে মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’