জামালপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত ৪
জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে চারজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত চারজন হলেন: শেরপুরের সাত পাইকা চর পক্ষীমারি গ্রামের সাইদুল ইসলাম (৪৫), একই গ্রামের আবদুর রহিম (৫৫), হজি মিয়া (৪৩) এবং ঘটনাস্থল বনপাড়া এলাকার রফিকুল ইসলাম (২৭)। এঁদের মধ্যে সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বনপাড়া এলাকার মুকবুল মিয়ার পুকুরের খনন কাজ চলছিল। আজ বিকেল চারটার দিকে মাটি কাটার সময় শ্রমিক সাইদুল পরিত্যক্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। তিনি ওই বস্তুটি হাতে তুলে নিলে তা বিস্ফোরিত হয়। এতে সাইদুলসহ চার শ্রমিক আহত হন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বস্তুটি ককটেল। তা পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।