জামালপুরে পাঁচ ছাত্রকে বেদম পিটুনি, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের শুভেচ্ছা কোচিং সেন্টারের পরিচালক প্রকাশ চন্দ্র সরকার পাঁচ ছাত্রকে পিটিয়ে জখম করেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
কোচিং সেন্টারের ওই পরিচালকের শাস্তির দাবিতে এবং এ ঘটনার প্রতিবাদে জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা গতকাল বিকেল চারটায় জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
অভিযোগ পেয়ে গতকাল বিকেলে একজন নির্বাহী হাকিম কোচিং সেন্টারটি সিলগালা করে দিয়েছেন। পুলিশ কোচিং সেন্টারের ওই পরিচালককে গতকাল রাত আটটার দিকে গ্রেপ্তার করেছে।
আহত পাঁচ ছাত্র হচ্ছে হাসনাইন খোরশেদ, মাইনুল ইসলাম রাহাত, সাদিক ইয়াকিন নূর, মেহেদী হাছান ও হাছিবুল কবীর। তারা সবাই জামালপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোচিং সেন্টারের পরিচালক প্রকাশ চন্দ্র সরকার ছাত্রদের পেটানোর কথা স্বীকার করে বলেন, ‘মেয়ে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের মারা হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি, আঘাতগুলো এত বেশি লেগে যাবে।’
জামালপুর জিলা স্কুল ও অভিভাবক সূত্রে জানা গেছে, আহত পাঁচ ছাত্র গতকাল সকাল সাড়ে আটটায় কোচিং সেন্টারে যায়। কয়েকটি ক্লাস করার পর তারা পাশের ছাত্রীদের কক্ষের একটি জানালা খুলে দেয়। এই অপরাধে কোচিং সেন্টারের পরিচালক প্রকাশ চন্দ্র গাছের ডাল দিয়ে প্রথমে মাইনুল ইসলাম ও পরে আরও চারজনকে পিটুনি দেন।
মেহেদী হাছান বলেন, পাশেই মেয়েদের শ্রেণিকক্ষের একটি জানালা খুলে দেওয়ায় কোচিংয়ের পরিচালক এসে প্রথমে মাইনুলকে গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এ সময় তিনি জিজ্ঞাসা করতে থাকেন, আর কে কে ছিল। পরে মাইনুল আমাদের চারজনের নাম বলে দেয়। এরপর তিনি আমাদেরও বেধড়ক পেটাতে থাকেন। গাছের ডাল ভেঙে গেলে পেটানো বন্ধ করে দেন।’ মাইনুল ইসলাম রাহাতের মা চামেলি বেগম বলেন, ‘মানুষ এত নিষ্ঠুরভাবে কোনো শিশুকে মারতে পারে—আঘাতের চিহ্ন না দেখলে কেউ বুঝতে পারবে না। আঘাত করা স্থানগুলো দিয়ে রক্ত ঝরছে। ওই পরিচালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’
সাদিক ইয়াকিনের বাবা ছামিউল ইসলাম বলেন, সবচেয়ে আমার ছেলেকে পিটিয়েছে বেশি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাতের কারণে শরীরে প্রচণ্ড জ্বর ওঠায় চিকিৎসককে দেখিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে আমরা অভিভাবকেরাই আইনগত ব্যবস্থা নেব।’
জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ওই কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে স্কুলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে ওই কোচিং সেন্টারে একজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ পাঠানো হয়েছিল। কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।