জামালপুরে পিটুনিতে ডাকাত নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামে গতকাল রোববার দুপুরে গণপিটুনিতে খোকা (৩৫) নামের একজন ডাকাত সরদার নিহত হয়েছেন। খোকার বাড়ি ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার যমুনা নদীবেষ্টিত এলাকার বিভিন্ন গ্রামে প্রায়ই ডাকাতি হতো। সম্প্রতি তিনি পুলিশের ধাওয়া খেয়ে আত্মগোপনে চলে যান। গতকাল বেলা দুইটার দিকে তিনি মন্নিয়ারচর গ্রামে গেলে গ্রামবাসী তাঁকে ধাওয়া করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক বলেন, খোকা ডাকাতের অত্যাচারে যমুনা নদীবেষ্টিত এলাকার বিভিন্ন গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তিনি দাবি করেন, রাতে ডাকাতি করবেন বলে দিনের বেলায় খোকা গ্রাম দেখতে গিয়েছিলেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে গণপিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।