জামালপুরে বাড়িঘর দোকানপাটে ভাঙচুর, আহত ২০
জামালপুর পৌর শহরের ছোটগড় মহল্লায় হামলা চালিয়ে ১৭টি বাড়িঘর, ১০টি মুদি দোকান কুপিয়ে তছনছ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ২০ জন আহত হয়েছেন। শহরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিমের নেতৃত্বে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়েছে। আর পুলিশ আজিমকে ঘটনাস্থল থেকে আটক করলেও ঘণ্টা খানেক পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতিতে হামলা ও আটকের বিষয়টি অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে পলাশগড় এলাকার জলিল মিয়ার ছেলে তামিম (১৪) ইজিবাইক চালানোর সময় ইজিবাইকটির ধাক্কায় আহত হয় ছোটগড় মহল্লার শাহজাহানের মেয়ে সুমাইয়া। এ সময় স্থানীয় লোকজন তামিমকে গালমন্দ করেন ও থাপড় মারেন। ইজিবাইকটি স্থানীয় লোকজন আটক করে রাখেন। ওই দিনই পলাশগড় এলাকার আলম নামের এক ব্যক্তি ইজিবাইকটি নিতে ছোটগড়ে আসেন। এ সময় আলমের সঙ্গে সুমাইয়ার বাবার ঝগড়া হয়।
এতে ক্ষিপ্ত হয়ে আলম এলাকায় গিয়ে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিমকে বিষয়টি জানান। ওই দিনই পলাশগড় এলাকার মসজিদের মাইকে ছোটগড়ে হামলা চালানোর ঘোষণা দেওয়া হয় এবং প্রায় ২০০ লোক গিয়ে ছোটগড় গ্রামে মহড়া দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে আজিমের নেতৃত্বে পাঁচ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ছোটগড় মহল্লায় হামলা চালান।
এ সময় হামলাকারীরা ছোটগড়ের নজরুল ইসলাম, রাজু আহম্মেদ, সোলাইমান, মানিক, শহীদুল, মহিরউদ্দিন, বিল্লাল, ইদ্রিস, ভদা, কাশেম, মান্নান, বেদেনা, লিটন, আনোয়ার, রুবেল ও আবদুল্লাহর ঘরসহ প্রায় ১৭টি ঘর ও ১০টি মুদি দোকান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করেন।
এ ঘটনায় ছোটগড় মহল্লার খোকন মিয়া, সোহেল রানা, শিলা আক্তার, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, শহিদ মিয়া, রাব্বি মিয়া, রাজু আহম্মেদ, ফারুক মিয়া, জীবন, খোরশেদ আলম, মিঠুন, সুমন মিয়াসহ ২০ জন আহত হন। তাঁদের মধ্যে খোকন মিয়া, মোহাম্মদ আলী, সোহেল রানা ও শিলা আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজিম তাঁর নেতৃত্বে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘শুক্রবারের ঘটনার পর থেকে ছোটগড় মহল্লার রাস্তায় পলাশগড় এলাকার লোকজনকে পেলেই মারধর করা হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে পলাশগড়ের লোকজন ওই মহল্লায় হামলা চালান। তবে আমার নেতৃত্বে নয়।’ জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আজিমকে আটকের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।