জামালপুরে বাবা খুন, অভিযুক্ত ছেলে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে মেহের আলী (৭০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ছেলে সানোয়ারের (৩২) হাতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পৌর শহরের পূর্ব বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেহের আলীর সঙ্গে তাঁর ছেলে সানোয়ারের জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল বিকেলে বাড়িসংলগ্ন জমিতে চারা লাগানোকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে কোদালের বাঁট দিয়ে মেহের আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার পর সানোয়ার বাড়ি ছেড়ে পালান।
ইসলামপুর থানার ওসি কাজী সাঈদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সানোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।