জামালপুরে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাহমুদুল হক (২২) নামের এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা তিনটার দিকে ওই উপজেলার মাল্টিপারপাস হল কক্ষের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালন করতে গত বৃহস্পতিবার তিনি এখানে এসেছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘাটাবালা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ৪০ জন বিজিবি সদস্য ওই উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন করতে আসেন। তাঁদের ওই উপজেলার একটি মাল্টিপারপাস হল কক্ষে থাকতে দেওয়া হয়। আজ শনিবার বেলা তিনটার দিকে ওই হল কক্ষের পেছনে মাহমুদুল হকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই সদস্যের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে। খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ঘটনা সম্পর্কে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসতেছে, তারা বিষয়টি অবহিত করবে।’

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের কাছে থাকা রাইফেলের গুলি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।