জামালপুরে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ
ঈদ উপলক্ষে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল জনপ্রতি দুই কেজি করে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্ডধারীদের চাল কম দিচ্ছেন। গত মঙ্গলবার থেকে চাল বিতরণ শুরু হয়।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, দুস্থ ব্যক্তিদের খাদ্যসহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় ঈদুল আজহা উপলক্ষে তিতপল্লা ইউনিয়নের ২ হাজার ৪০০ জন ভিজিএফ কার্ডধারীর জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত মঙ্গলবার ইউপি কার্যালয়ে চাল বিতরণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছিল চাল বিতরণের শেষ দিন।
ভিজিএফ কার্ডধারী কয়েকজন অভিযোগ করেন, চাল নিতে তাঁদের নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে হয়। এত কিছুর পরও ১০ কেজির স্থলে তাঁদের আট কেজি করে চাল দেওয়া হচ্ছে। দুই কেজি করে কম পাওয়ার কারণ তাঁদের জানা নেই। অনেকেই অভিযোগ করেছেন, স্বচ্ছভাবে চাল বিতরণের জন্য একজন সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকেন এবং তিনি কোনো অভিযোগ শোনেন না। তাঁকে ম্যানেজ করেই চাল কম দেওয়া হয়।
পশ্চিমপাড়া গ্রামের হেলেনা বেগম বলেন, ‘এই চাল নেওয়ার জন্য সকাল নয়টা সময় পরিষদে আসছি। চাল পেলাম একটার দিকে। এত কষ্টের পরও দুই কেজি চাল কম পেয়েছি।’ তিনি জানান, চাল পাওয়ার পর পরিষদের সামনের বাজারের একটি মুদি দোকানে মেপে তিনি ১০ কেজির স্থলে আট কেজি পেয়েছেন।
চাল কম দেওয়ার বিষয়ে কথা বলতে চেয়ারম্যান হারুন-অর-রশিদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা তিতপল্লা ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণের তদারকি কর্মকর্তা হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমার উপস্থিতিতে সব চাল বিতরণ করা হচ্ছে। কোনো ব্যক্তিকে দুই কেজি করে চাল কম দেওয়া হচ্ছে না। তবে সবাই সাড়ে নয় কেজি করে চাল পাচ্ছেন।’
এ বিষয়ে জামালপুর সদরের ইউএনও)মোহাম্মদ আবদুল ছালাম প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফের চাল বিতরণে প্রত্যেক ইউনিয়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাউকে কম দেওয়া হলে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।