জামালপুরে ভিজিডির চাল বিক্রির অভিযোগ
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ৯২ জন দুস্থ নারীর ভিজিডির চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত নভেম্বরে ইউনিয়নের ১২৭ জন সুবিধাভোগীর জন্য ভিজিডির ৩ হাজার ৮১০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গোপনে মেষ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার ও ইউপি সদস্যরা ৯২ জন সুবিধাভোগীর চাল কালোবাজারে বিক্রি করেন। তাই গতকাল শনিবার প্রত্যেক সুবিধাভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাঁরা তা দিতে পারেননি। তাঁরা তাঁদের চালের পরিবর্তে ৩০০ টাকা করে দেন। এ সময় কয়েকজন সুবিধাভোগী চালের পরিবর্তে টাকা দেওয়ার এ ঘটনার প্রতিবাদ করেন। এতে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাঁদের কার্ড বাতিল করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ইউপির দেউলিয়াবাড়ি গ্রামের রমিছা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। ওই চাইল দিয়া কোনো রকমে সংসার চলে। আমগো চাল না দিয়া মেম্বররা ৩০০ করে টাকা দিল। ৩০০ টাকা দিয়ে আমগো কয় দিন যাইব।’
জালিয়ার পাড়া গ্রামের ঝরনা আক্তার বলেন, প্রতি মাসে তিনি ৩০ কেজি করে চাল পেতেন। কিন্তু পরিষদে গিয়ে জানতে পারেন সব চাল বিক্রি করে দেওয়া হয়েছে। চালের বদলে তাঁদের ৩০০ টাকা করে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার বলেন, ‘আমরা প্রত্যেক সুবিধাভোগীকে ৩০ কেজি করে চাল দিয়েছি। সুবিধাভোগীরা নিজেরাই পাইকারদের কাছে চাল বিক্রি করে দেন।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, ভিজিডির বরাদ্দকৃত চালের পরিবর্তে টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।