জামালপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর
জামালপুরের সদর উপজেলার গোপালপুরের ঋষিপাড়ায় এক মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুবৃর্ত্তরা গতকাল মঙ্গলবার গভীর রাতে মন্দিরের ভেতরে ঢুকে ছয়টি প্রতিমা ভাঙচুর করে।
প্রথম আলোকে দেওয়া ঋষিপাড়া দুর্গা মন্দিরের সভাপতি বিকাশ বাবুর ভাষ্য, ৩০ সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঋষিপাড়া দুর্গাপূজার মণ্ডপে গতকাল রাত একটা পর্যন্ত কাজ করে প্রতিমা তৈরির কারিগরেরা বাড়ি চলে যান। পরে রাতের কোনো একসময় কে বা কারা মন্দিরের ভেতরে ঢুকে দুর্গা, অসুর, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী ও গণেশের প্রতিমা ভাঙচুর করে। আজ বুধবার সকালে মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা পাওয়া যায়।
খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার জানান, প্রতিমা তৈরির কারিগর দিয়ে ভেঙে ফেলা প্রতিমাগুলো মেরামত করা হচ্ছে। আর প্রতিমা ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।