জামালপুরে যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যুবকের বিরুদ্ধে এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম রফিকুল ইসলাম (৩৩)। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। পুলিশ বলছে, ঘটনার পর থেকে তিনি পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার দরিদ্র। তার বাবা আট মাস আগে মারা গেছেন। এরপর থেকে তার মা মানুষের বাড়িতে কাজ ও ভিক্ষা করে সংসার চালান। আজ বেলা সাড়ে তিনটার দিকে মা ও মেয়ে একসঙ্গে বাড়িতে খাবার খান। পরে শিশুটির মা অন্যের বাড়িতে কাজের জন্য যান। এর মধ্যে বিকেল চারটার দিকে শিশুটি দেওয়ানগঞ্জ বাজারে রওনা দেয়। রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে তিনি জোর করে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রফিকুল পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। মেয়েটি গুরুতর আহত। তাই দ্রুত তাকে জামালপুর পাঠানো হয়েছে। ওই বখাটের বাড়িতে অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক। মেয়ের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পর আইনি সব কার্যক্রম শুরু হবে।’