জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই উপজেলার সিমারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ তাসলিমা বেগম (২৩) সিমারপাড় এলাকার সোলাইমান হোসেনের স্ত্রী।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ওই উপজেলার সূর্যনগর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তাসলিমা বেগমের সঙ্গে একই উপজেলার সিমারপাড় এলাকার সাঈদ মিয়ার ছেলে সোলাইমান হোসেনের বিয়ে হয়। এক বছর ধরে সোলাইমান হোসেন স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

ঝগড়ার জের ধরে গতকাল রাতে তাসলিমাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা আনোয়ার হোসেন।

এলাকায় বিষয়টি জানাজানি হলে গৃহবধূর লাশ বাড়িতে রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মহব্বত কবীর প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বিলকিস বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।