জামালপুরে শিক্ষার্থীদের কাঁধে স্কুলের জমিদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে স্কুলছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনা নিয়ে সারা দেশে সমালোচনার মধ্যে নতুন করে সামনে এসেছে জামালপুরের মেলান্দহের একই ধরনের একটি ঘটনা। সেখানকার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দিয়ে হেঁটেছেন বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।

গত বুধবার রাতে ছাত্রদের কাঁধের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে গেছে। গত রোববার ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে একটি বাঁশ হাতে নিয়ে বসে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার হোসেন শিক্ষার্থীরে কাঁধের ওপর পা দিয়ে ওই মানবসেতুতে হেঁটে যাচ্ছেন। তিনি যাতে পড়ে না যান, সেই জন্য দুই পাশ থেকে দুজন তাঁর হাত ধরে রেখেছেন। এর মধ্যে একজন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান।

মাহমুদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছলত জামান বলেন, গত রোববার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। এতে উপস্থিত ছিলেন দিলদার হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে।

শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীরাই মানবসেতুটি নির্মাণ করে। সেটির ওপর দিয়ে একজন শিক্ষার্থীরই হাঁটার কথা ছিল। কিন্তু দিলদার হোসেনের হাঁটার বিষয়টি নিয়ে আমি নিজেই অনুতপ্ত।’

এ বিষয়ে দিলদার হোসেনের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি ঘটন করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ফেসবুকে ছবি প্রকাশের পর থেকে দিলদার হোসেন পলাতক।’

এদিকে হাইমচরের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গত বুধবার রাতে মামলা করেছেন নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক।

ওই ঘটনায় স্থানীয় সরকার বিভাগের করা এক সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহান গতকাল বিকেলে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বলেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল ঝাড়ু মিছিল বের করে আওয়ামী লীগের একটি পক্ষ। এতে চেয়ারম্যানের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় পাঁচজন আহত হন।

নূর হোসেন গতকাল ফেসবুকের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি লেখেন, গত ৩০ জানুয়ারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে স্কাউট ছাত্রদের অনুরোধ রাখতে তাদের মানবসেতুতে হাঁটার জন্য তিনি লজ্জিত।