জামালপুরে শিশু খুন, অভিযোগ বাবার বিরুদ্ধে
জামালপুর সদর উপজেলার কম্পুপুর এলাকায় গতকাল রোববার বিপুল মিয়া (২২) নামের এক মাদকাসক্ত তাঁর নয় মাসের মেয়েকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি স্ত্রী সীমা বেগমকেও পিটিয়ে আহত করেন। এ ঘটনায় বিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই বছর আগে কম্পুপুর এলাকার বিপুলের সঙ্গে শেরপুরের জঙ্গলদী এলাকার সুজেলুর মেয়ে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সীমার পরিবার জানতে পারে বিপুল মাদকাসক্ত। বিভিন্ন সময় বিপুল স্ত্রীকে মারধর করতেন। গতকাল সকালে সীমার কাছে বিপুল ৫০০ টাকা চান। কিন্তু সীমা টাকা দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। হঠাৎ বিপুল তাঁর নয় মাসের মেয়ে বীথিকে মায়ের কোল থেকে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে হত্যা করেন। এ সময় সীমাকেও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন সীমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকা না দেওয়ায় আমার অবুঝ নয় মাসের শিশুকে চোখের সামনেই মাটিতে ফেলে মেরে ফেলেন।’ জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে বিপুলকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সীমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।