জামালপুরে শিশুকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর এলাকায় হৃদয় মিয়া (৪) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রাম থেকে গতকাল রোববার ঝন্টু বর্মণ নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুরে নিহত শিশুটি মেষ্টা ইউনিয়নের হাজিপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার রাত ১২টার দিকে বাড়ির পেছনে একটি জঙ্গলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর জঙ্গলে ফেলে রাখা হয়। এ ঘটনায় শিশুটির মা ফুলি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রামের সামনে থেকে গতকাল দুপুরে ঝন্টু বর্মণের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি পাথারিয়াকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত প্রেমানন্দ বর্মণের ছেলে।
এলাকাবাসী ও ওই তরুণের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেেল পাথারিয়াকান্দা গ্রামের নিজ বাড়ির পেছনের সোনামড়ল হাওরের জমিতে সেচ দিতে যান ঝন্টু বর্মণ। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল ছয়টার দিকে গ্রামের সামনে একটি গাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।