জামালপুরে শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার হাজিপুর এলাকায় হৃদয় মিয়া (৪) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে পুলিশ শিশুটির বাড়ির কাছে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত শিশুটি হাজিপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির পেছনে একটি জঙ্গলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর জঙ্গলে ফেলে রাখা হয়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শিশুর মা ফুলি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।