জামালপুরে সাত হাজার লিটার চোরাই পেট্রল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার গুদাশিমলা বাজার এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে সাত হাজার লিটার চোরাই পেট্রলসহ একটি ট্যাংকার জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাই তেলের ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন গুদাশিমলা এলাকার ছোঁয়া এন্টারপ্রাইজের মালিক ছানোয়ার হোসেন (৩৫), শহরের দড়িপাড়া এলাকার রুবেল মিয়া (২৮) ও ট্যাংকারের চালক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জিয়া সরকার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের গোদনাইল এলাকা থেকে ট্যাংকারচালক জিয়া সরকার সাত হাজার লিটার চোরাই পেট্রল নিয়ে ছোঁয়া এন্টারপ্রাইজের মালিক ছানোয়ার হোসেনের কাছে বিক্রি করতে আসেন। খবর পেয়ে গতকাল ভোরে সদর থানা-পুলিশের একটি দল গুদাশিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পেট্রলসহ ট্যাংকারটি জব্দ করে।
জামালপুর সদর থানার ওসি) আবদুল আউয়াল বলেন, দীর্ঘদিন ধরে ওই চক্রটি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পেট্রল বিক্রি করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে পেট্রল ক্রয় বা বিক্রির কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।