জামালপুরে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সমেদ আলী নামের (৫৫) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমেদ কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ছিলেন। তিনি কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের সাহেব আলীর ছেলে। পাঁচ বছর ধরে তিনি লালমনিরহাট জেলায় পরিবার নিয়ে বাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সমেদ বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের একটি দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত সমেদ আলীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সমেদ নিহত হন।

বেলগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল রাতে সমেদ বরুল গ্রামের একটি আশ্রয়ণ কেন্দ্রের সামনের দোকানে বসে পান খাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম বলেন, ‘এলাকাটি যমুনা নদীর ওই পাড়ে। দুর্গম চরে হওয়ায় হেঁটে ও নৌকায় করে যেতে হচ্ছে। আমরা খুব ভোরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত বলা যাবে।’