জামালপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকা থেকে আবু রায়হান (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানুয়া কামালপুর এলাকার ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান ধানুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে একটি ফোন পেয়ে রায়হান বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজন রায়হানের বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই গ্রামের শাকিল মিয়া (১৮) ও রাজা মিয়া (৪৫) নামের দুজনকে আটক করে থানায় নিয়ে গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের পর ঘটনা সম্পর্কে জানা যাবে। ওই গ্রাম থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।