জামালপুর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকায় এক স্বাস্থ্যকর্মীকে দুর্বৃত্তরা হত্যা করে বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গতকাল রোববার নিহত স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে পুলিশ তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। চুয়াডাঙ্গায় গত শনিবার এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার পরিবার পরিকল্পনার মাঠকর্মী আলেয়া বেগম (৪৫)। আলেয়া সোনালী ব্যাংকের সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া বাজার শাখার ব্যবস্থাপক সরোয়ার হোসেনের স্ত্রী। অন্যজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়ার টুটুল আহমেদ (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, আলেয়া বেগম তাঁর ছোট মেয়েকে নিয়ে শহরের দক্ষিণ কাচারীপাড়ায় থাকতেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মা ও মেয়ে খাবার খেয়ে আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। ওই রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর আলেয়াকে শ্বাসরোধে হত্যা করে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। গতকাল সকালে মেয়েটি তাঁর মায়ের কক্ষে গিয়ে দেখে, বিছানায় হাত-পা বাঁধা অবস্থা মায়ের লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের চিনে ফেলায় ওই স্বাস্থ্যকর্মীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে টুটুলের সঙ্গে একই পাড়ার নাজমা খাতুনের বিয়ে হয়। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে নাজমা তাঁদের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে টুটুল স্ত্রী ও সন্তানকে বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। এই নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্যালক মোস্তাফিজুর রহমান ও শ্বশুর নুর ইসলাম লোহার পাইপ দিয়ে টুটুলকে বেধড়ক মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে টুটুলকে রাস্তায় ফেলে রাখলে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় টুটুলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে শ্যালক ও শ্বশুর পলাতক।
টুটুলের মা হালিমা খাতুন অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন।