জামায়াত ও শিবিরের গ্রেপ্তার ১৪
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ জামায়াত ও শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে জামায়াত ও শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটকের কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, রাতে জামায়াত নেতা আবু বকরের ডমুরুয়া গ্রামের বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক অন্য নেতা-কর্মীরা হলেন: ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আবু বকর, কর্মী এমদাদুল হক ওরফে রায়হান, আশরাফুল ইসলাম ওরফে মিন্টু, মো. রিয়াদ, মনির হোসেন, সাইফুল ইসলাম, মো. সোহেল, মো. মাঈন উদ্দিন, আবদুল হালিম, ফারুক হোসেন, রফিকুল ইসলাম ও মো. মোস্তফা।
ওসি মমিনুল বলেন, আটকের সময় তাঁদের কাছে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করা ব্যক্তিদের নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।
এদিকে, উপজেলা জামায়াতের আমির মো. এয়াছিন করিম মুঠোফোনে দাবি করেন, ডমুরুয়া ইউনিয়ন সভাপতি পেশায় একজন শিক্ষক। পড়ালেখাসংক্রান্ত পরামর্শ নিতে দলের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ যে নাশকতার পরিকল্পনার কথা প্রচার করছে, তা ভিত্তিহীন।