জামায়াত থেকে নব্য জেএমবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরের জঙ্গি আস্তানায় আজ বৃহস্পতিবার পুলিশের অভিযানের মধ্যে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এই পাঁচজন একই পরিবারের সদস্য। পরিবারের কর্তা সাজ্জাদ আলী জামায়াতের রাজনীতি থেকে নব্য জেএমবির কর্মকাণ্ডে যুক্ত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।

পুলিশ জানায়, ফসলের মাঠের মধ্যে মাটি আর টিন দিয়ে তৈরি বাড়িটির মালিক সাজ্জাদ আলী। স্ত্রীর সূত্রে তিনি শ্বশুরবাড়ি থেকে পাওয়া জমিতে মাস দেড়েক আগে বাড়িটি বানান। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি এখানেই থাকতেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিবজুর আলম মুন্সি প্রথম আলোকে বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল দিবাগত রাত একটার দিকে মাঠের মধ্যে থাকা বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। আজ সকাল সাড়ে সাতটার দিকে ওই বাড়ির ভেতর থেকে কয়েকজন বের হয়ে এসে ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটান।

গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি একরামুল হক বলেন, জঙ্গিদের ‘আত্মঘাতী বিস্ফোরণের’ সময় একজন নারী ও পুরুষ দৌড়ে গিয়ে কাছে থাকা ফায়ার সার্ভিসের একজন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আবদুল মতিন। আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ওই আস্তানার পাঁচজন।

এই পাঁচজন হলেন সাজ্জাদ আলী (৫০), তাঁর স্ত্রী বেলি বেগম (৪৫), ছেলে আল আমিন (২৫), মেয়ে কারিমা খাতুন (১৭) এবং বহিরাগত যুবক আশরাফুল। সাজ্জাদ ও বেলি ফায়ার সার্ভিসের সদস্য মতিনকে কুপিয়ে জখম করেন। আরেক মেয়ে সুমাইয়া তিন ঘণ্টা বসে থাকার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সুমাইয়ার দুই সন্তান জুবায়ের (৭) ও দেড় মাস বয়সী আফিয়াকে পুলিশ ওই আস্তানা থেকে উদ্ধার করে। বর্তমানে এই তিনজন গোদাগাড়ী থানায় আছে।

গোদাগাড়ী থানার ওসি বলেন, সাজ্জাদের মেয়ে সুমাইয়ার স্বামী জহুরুল ইসলাম নব্য জেএমবির সদস্য। ছয় মাস আগে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁকে জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। জহুরুলের শ্বশুর সাজ্জাদ একসময় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে জামাতার উৎসাহে তিনি নব্য জেএমবির কর্মকাণ্ডে যুক্ত হন। সাজ্জাদ ও তাঁর ছেলে আল আমিন ফেরি করে কাপড় বিক্রি করতেন। সাজ্জাদের নামে থানায় কোনো মামলা নেই। এই পরিবারটি যে এমন কাণ্ড ঘটাবে, সে বিষয়ে পুলিশ কোনো ধারণাই করতে পারেনি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তাঁরা বলেন, বছর দু-এক আগে থেকে সাজ্জাদের চলাফেরা সন্দেহজনক হয়ে ওঠে। বাড়িতে অপরিচিত লোকের আনাগোনা বেড়ে যায়। পরে একই গ্রামের মাঠে নতুন করে বাড়ি বানিয়ে চলে যায় সাজ্জাদের পরিবার।