জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল আলমকে নগরের আন্দরকিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে লোহাগাড়া থানায় পুলিশ হত্যা মামলা, চৌকিদার হত্যা মামলা, সড়কের গাছ কাটা ও গাড়ি ভাঙচুরসহ ১২টি মামলা রয়েছে।
জানা যায়, নুরুল আলম ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। গতকাল মঙ্গলবার রাতে দলের কর্মী ও সমর্থকদের নিয়ে ইউপি নির্বাচন নিয়ে একটি ভবনে প্রস্ত্ততি সভা করছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি আমিরাবাদ মল্লিক ছোবাহান হাজী পাড়ায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, কাজী নুরুল আলম দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির রাজনৈতিক সহিংসতায় তাঁর নেতৃত্বে ভাঙচুর, গাছকাটা ও হত্যাকাণ্ড সংঘটনের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির নুরুল হোসেন জানান, কাজী নুরুল আলম ইউপি চেয়ারম্যানে পদে প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।