জামায়াত নেতা মাসুদসহ ১৯ জন আটক
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলামসহ (মাসুদ) দলটির ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে এঁদের আটক করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের একটি বাসায় গোপন বৈঠক চলছে—এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই বাসা থেকে জামায়াত-শিবিরের ১৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। ওই বাসায় চেয়ার-টেবিল আর কোনো গৃহসামগ্রী নেই। ধারণা করা হচ্ছে, সেখানে নিয়মিত বৈঠক করতেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
বিপ্লব কুমার জানান, আটক হওয়া সবার নাম-পরিচয় জানার জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তিনি শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের নেতা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।