জামায়াত নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
চট্টগ্রামের সাতকানিয়ায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জামায়াতের ওই নেতাকে থানায় নিয়ে গেছে ও ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করে।
সাতকানিয়া থানার পুলিশ জানায়, আজ সকাল সাড়ে দশটার দিকে চরতি ইউনিয়নের তালগাঁও সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তিনটি নাশকতার মামলার আসামি মোহাম্মদ হাসেমকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ। হাসেম মোহাচরতি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তাঁকে হাতকড়া পড়িয়ে নিয়ে গাড়িতে ওঠানোর সময় স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর হামলা করে হাশেমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলায় থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন, হিরু বিকাশ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক এবং কনস্টেবল আবদুল হাই, আলাউদ্দিন ও কামরুল ইসলাম আহত হয়েছেন। খবর পেয়ে সাতকানিয়া থানার আরেক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ-ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আহত ছয় পুলিশকে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। জামায়াত নেতা হাশেমকে থানায় আনা হয়েছে। আর পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক ১৪ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।